
জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের জীবনযাত্রার মান বদলে দেওয়ার লক্ষ্যে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা যে সিদ্ধান্তই নিই, সেটা মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়। আপনাদের আন্তরিকতা, কর্মদক্ষতা, যোগ্যতাই পারে এ দেশের মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিতে। কাজেই আপনারা সেভাবেই কাজ করবেন।’
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধনকালে বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসকদের জন্য ২৩ দফা নির্দেশনা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে তাঁদের কঠোর অবস্থান গ্রহণের আহ্বানও জানান তিনি।
দুর্নীতি উচ্ছেদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১২২ ভাগ বেতন বৃদ্ধি করেছি, যাতে যাঁরা দেশের জন্য কাজ করবেন তাঁরা যেন মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারেন। মানুষের ভাগ্য গড়া—এটাই যেন সবার লক্ষ্য হয়।’ তিনি আরও বলেন, দুর্নীতিকে যে করেই হোক দূর করতে হবে। কোনো কাজে দুর্নীতি হলে উন্নয়নের ছোঁয়া গ্রামবাংলায় লাগবে না। এ জন্য দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ক্ষেত্রে নিজেদেরও কঠোর অবস্থানে থাকতে হবে।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, বিশ্বায়ন ও প্রযুক্তিগত উৎকর্ষের ফলে একদিকে মানুষের আচরণ এবং রুচিতে যেমন পরিবর্তন এসেছে; তেমনি মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক চিন্তাভাবনাসহ সবকিছু বদলে গেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে বাংলাদেশ একটি উন্নত দেশ। এখানে একজন মানুষও গৃহহীন ও অভুক্ত থাকবে না। প্রত্যেকের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাবে। কেউ নিরক্ষর থাকবে না।’ তিনি আবাসনের ব্যবস্থা করতে সব জেলায় গৃহহীনদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে ডিসিদের বলেন, ‘খাসজমির বিষয়ে খোঁজ নিন। আমাদের সরকার সবাইকে ঘরবাড়ি নির্মাণ করে দেবে। আপনারা গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও এই ধরনের প্রকল্প থেকে গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করতে পারেন।’
সম্মেলনে অন্যান্যের মধ্যে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বক্তৃতা করেন। এ ছাড়া জেলা প্রশাসকদের পক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, চাঁদপুরের আবদুস সবুর মণ্ডল, যশোরের মো. আশরাফ উদ্দিন এবং ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন বক্তৃতা করেন।