জনগণ অনেকটা আশ্বস্ত হবে : সাখাওয়াত হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাখাওয়াত হোসেন
সাখাওয়াত হোসেন

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনে করেন, রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে জনগণ অনেকটা আশ্বস্ত হবে। তবে বেশির ভাগ ‘জঙ্গিকে’ জীবিত ধরা গেলে ভালো। এতে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ডের তদন্তের গভীরে যাওয়ার সুযোগ হয়।
রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন প্রথম আলোকে এ কথা বলেন।
পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে এক ঘণ্টার এ অভিযানে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়। একজনকে জীবিত আটক করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন বলেন, কল্যাণপুরের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় যদি জঙ্গিরা আস্তানা করতে পারে বা এখানে বসে হামলার পরিকল্পনা করতে পারে, তাহলে দেশের অন্যান্য অঞ্চলেও তাদের আস্তানা থাকা অস্বাভাবিক নয়। পুলিশ বলেছে, নিহত জঙ্গিরা গুলশান হামলাকারীদের গ্রুপের। তার মানে, একটা বড় ধরনের যোগসাজশ আছে। এটি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে। এটি আশঙ্কার বিষয়। বাংলাদেশে যে জঙ্গিদের কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটেছে বা ঘটছে তা বোঝা যাচ্ছে। গণমাধ্যমে খবর এসেছে, অনেকে সিরিয়া থেকে দেশে ফিরে এসেছে। অনেকে আবার যাচ্ছে। সব মিলে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে।

তবে সাবেক এই সেনা কর্মকর্তা মনে করেন, কল্যাণপুরে পুলিশের যে অভিযান হয়েছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, তাতে জনগণ আশ্বস্ত হবে। এটা একটা ভালো দিক। তবে জঙ্গিদের জীবিত ধরা গেলে ভালো। তাতে জঙ্গি কর্মকাণ্ড কতটা বিস্তৃত হয়েছে, সে সম্পর্কে গভীরে যাওয়ার সুযোগ পাওয়া যায়। তদন্তের সুবিধা হয়। পুলিশের অনেক ধরনের কৌশল থাকে।
এম সাখাওয়াত হোসেন বলেন, কল্যাণপুরের অভিযান সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। সেখানকার পরিস্থিতি কেমন ছিল বা যারা নিহত হয়েছে, তাদের সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। এসব জানা গেলে হয়তো অনেক কিছু বিশ্লেষণ করা যাবে।