জনগণ অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ গতকাল শনিবার অনুষ্ঠিত চার সিটি করপোরেশনের নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অতীতে এ ধরনের ঘটনা ছিল একেবারেই বিরল।
প্রধানমন্ত্রী গতকাল তাঁর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভাষণে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাচ্ছেন। এখন মানুষ অবাধে ভোট দিতে পারছেন।
অতীতের ভোটের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে শেখ হাসিনা বলেন, তিনি ১৯৮১ সালে যখন দেশে ফেরেন, তখন আজকের দিনের মতো অবস্থা ছিল না। তিনি বলেন, ‘অবস্থা তখন এমন ছিল না। তখন নির্বাচন মানেই বুঝতে হতো গুন্ডা-মাস্তানদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড।’
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তাঁর নির্বাচনী প্রচারণার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, তখন তিনি দলের জন্য ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন। আর ১৯৮১ সালে দেশে ফেরার পর তিনি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। তিনি বলেন, ‘আমরা মানুষের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করেছি। আমরা মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি, যাতে করে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।’
চার সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ গতকাল সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা চারটা পর্যন্ত চলে। নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ছিল অনেক বেশি। চার সিটি করপোরেশনের মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত চারজন এবং বিরোধী দল বিএনপির সমর্থিত চারজন অংশ নেন। ভোট গ্রহণের সময় কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী এসএসএফের সদস্যদের প্রতি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ভিআইপিদের নিরাপত্তা প্রদানকালে তাঁদের জনসংযোগের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি তাঁদের সামাজিক ও পারিবারিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, উন্নত নৈতিক চরিত্র, পরিবারের প্রতি দায়িত্বশীলতা, নিয়মনিষ্ঠা, সততা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক গুণাবলির প্রতি তাঁদের আরও যত্নবান হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শেখ আমান হাসান। খবর ইউএনবি ও বাসসের।