জনগণ আ.লীগ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে: সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, জনগণের একটি বড় অংশ আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছে। চার সিটি করপোরেশন নির্বাচনের ফলে তা স্পষ্ট হয়েছে। গতকাল সোমবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার ও সরকারি দলের নানা অপকর্ম, ত্রুটি-বিচ্যুতি ও ব্যর্থতার ফলে আওয়ামী লীগের জনসমর্থনে একধরনের ভাটার টান লক্ষ করা যাচ্ছে। বিএনপি-জামায়াত দুঃশাসনের প্রতিও জনগণের বিতৃষ্ণা এর চেয়ে কম ছিল না। কিন্তু বিএনপি ছাড়া আওয়ামী লীগের বিকল্প হিসেবে কার্যকর, দৃশ্যমান কোনো সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন ও প্রগতিমুখী শক্তির অনুপস্থিতিতে জনগণ নিরুপায় হয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়েছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনেও একই ফলাফল প্রতিফলিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বলা হয়, দেশকে রক্ষা করার জন্য বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের কলঙ্কিত ভাবমূর্তি থেকে মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ, বামপন্থী শক্তির সম্মিলিত নতুন শক্তির বলয় গড়ে তোলা দরকার। বিবৃতিতে জনমতের অনুপাতের সঠিক প্রতিফলন নিশ্চিত করার স্বার্থে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ সমর্থন দিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।