জনগণ আ.লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে, জনগণ সম্পূর্ণভাবে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে। শত চেষ্টা করেও তারা ফলাফল নিজেদের পক্ষে নিতে পারছে না।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। সংগঠনের কারাবন্দী নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে স্বেচ্ছাসেবক দল ওই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, অসাংবিধানিকভাবে চেপে বসা এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। তারা অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে। জনমতে আস্থা রাখতে না পেরে সরকার হত্যা-গুমের মাধ্যমে জাতিকে জিম্মি করছে। সমগ্র বিশ্ব বলছে ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয়। কারণ, ভোটাররা কেন্দ্রে যাননি।

নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, অনেকের মধ্যে হতাশা কাজ করে। তাঁরা মনে করে ২৯ ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হয়েছে। সে আন্দোলন ব্যর্থ হয়নি। বাংলাদেশের মানুষ তাতে জয়ী হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে যায়নি। তিনি বলেন, সামনে বড় সংগ্রাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব নিয়ে সে সংগ্রামে বিজয়ী হতে হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।