পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এ দেশের জনগণ আর হাওয়া ভবন, খোয়াব ভবনের দৌরাত্ম্য চায় না। অন্ধকারের অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না বলেই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকার দরকার। চট্টগ্রামের লালদীঘি মাঠে এক জনসভায় গতকাল বুধবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, ‘আমরা আর কোনো দিন নারীর অধিকার হরণ দেখতে চাই না। আর কখনো যুদ্ধাপরাধীদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই না। আর কোনো ২১ আগস্ট চাই না।’ অনুষ্ঠানের প্রধান বক্তা পরিবেশ ও বনমন্ত্রী মো. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার আলোচনার মানসিকতা নেই। তাঁর আছে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ আর গোলাম আযম-সাঈদীদের রক্ষার মানসিকতা। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি চন্দন ধরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম, শামসুল হক চৌধুরী প্রমুখ। সংবর্ধনা চলাকালে মাঠের উত্তর পাশে যুবলীগের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। এ সময় শাহেদ নামের এক কর্মী আহত হন।আমাদের পটিয়া প্রতিনিধি জানান, গতকাল সকালে পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের বর্ষব্যাপী জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন দীপু মনি। এ সময় দীপু মনি বলেন, ‘প্রীতিলতার মতো আদর্শ ও মেধাবী হতে হবে। আমরা কি পারি না আমাদের সন্তানদের প্রীতিলতার মতো বোধ জাগ্রত করতে?’ পটিয়া প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।