পানি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জনগণ আশা করছে বিএনপি কর্মসূচি প্রত্যাহার করবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ আশা করছে, বিএনপি এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে।
রাজধানীর ধানমন্ডিতে গতকাল শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ‘পানি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও তার সহযোগীরা ২০-দলীয় জোটের নামে লোকজনকে হত্যা এবং শান্তি বিনষ্ট করছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে সাধারণ নির্বাচনের পর বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর বিএনপির চেয়ারপারসন ঈর্ষান্বিত হয়ে পড়েন। এই খবর প্রকাশিত হওয়ার পর বিএনপির নেতা ও তার সহযোগীরা বাংলাদেশের অগ্রগতি চায় না বলেই দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত করতে ধ্বংসাত্মক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, জনগণ আশা করছে, বিএনপি এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে। অন্যদিকে তারা এই পরিস্থিতিতে আরও কঠোর কর্মসূচি হরতাল ঘোষণা করেছে যাতে শিক্ষার্থীরা পরীক্ষার হলে উপস্থিত হতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, ২০-দলীয় জোট দেশের জন্য ‘বিষাক্ত নাগপাশে’ পরিণত হয়েছে। তিনি এই অশুভ শক্তির মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজধানীর চারপাশের নদীগুলো পুনরুদ্ধারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী রক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব সামলানোর পাশাপাশি বন্যা, খরা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড় থেকে জনগণকে রক্ষায় মন্ত্রণালয় আরও গতিশীল ও কার্যকর ব্যবস্থা নেবে।
নদীগুলোকে এই নদীমাতৃক বাংলাদেশের রক্তনালি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার তিস্তা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষজ্ঞরা ধরলা, মনু, মুহুরি, খোয়াই ও গোমতী নদীর পানি বণ্টনের চুক্তির খসড়া প্রণয়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) প্রধান কার্যালয় ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ভবন দুটি নগরের আগারগাঁও ও মিরপুর এলাকায় নির্মাণ করা হবে।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন ও মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বক্তব্য দেন।