জনগণ এখন আন্দোলনের মুডে নেই: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বারবার বলছে জোট ভাঙা, দল ভাঙার কথা। এসব ষড়যন্ত্র আওয়ামী লীগের করার প্রয়োজন নেই। আওয়ামী লীগ এখন ভালো অবস্থানে আছে। বিএনপির নিজের ঘরের শত্রুরাই তাদের দল ও জোট ভাঙার জন্য যথেষ্ট। জনগণ এখন আন্দোলনের মুডে নেই।’
মন্ত্রী গতকাল রোববার কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির বাড়িতে যান। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, দেশ-বিদেশে অনেক বেশি গ্রহণযোগ্য। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও তাঁর কোনো সাফল্য নেই দাবি করে মন্ত্রী বলেন, বিএনপির নেতা-কর্মীদেরই এখন একযোগে পদত্যাগ করা উচিত। বিএনপি একটি বড় দল। আন্দোলনে ৫০০ লোকও কোথাও জমাতে পারেনি। গত সাত থেকে আট বছরে বাংলাদেশের কোথাও একটা বড় মিছিল হয়নি। নির্বাচন না করে তারা ভুলের চোরাবালিতে আটকে গেছে। অবশেষে তারা এখন বুঝতে পেরেছে, নির্বাচন ছাড়া বিকল্প নেই। এ কারণে এবার তারা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তী ইউপি নির্বাচনেও অংশ নেবে।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরায়েজি হত্যাকাণ্ড নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফরায়েজি একজন মুক্তিযোদ্ধা, সৎ মানুষ ও জনপ্রিয় নেতা। সিআইডিকে বলেছি দ্রুত তদন্তকাজ শেষ করে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা যত বড় প্রভাবশালী হোক, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
মন্ত্রী চট্টগ্রাম থেকে সড়কপথে গতকাল দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির বাড়িতে যান। তিনি ফরায়েজির কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী।