জনগণ এখন আন্দোলনের মুডে নেই: ওবায়দুল কাদের
জনগণ এখন আন্দোলনের মুডে নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সাংবাদিকদের কাছে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
দুর্বৃত্তদের হাতে নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান ওবায়দুল কাদের।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বারবার বলছে জোট ভাঙা, দল ভাঙার কথা। আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র করার প্রয়োজন নেই। আওয়ামী লীগ এখন ভালো অবস্থানে আছে। বিএনপির আপন ঘরের শত্রু তাঁদের দল ভাঙার জন্য, জোট ভাঙার জন্য যথেষ্ট। বাইরে থেকে আওয়ামী লীগের দল বা জোট ভাঙার কোনো প্রয়োজন নেই। জনগণ এখন আন্দোলনের মুডে নেই।’
গত শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী সফল করতে আয়োজিত যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বলেছিলেন, ‘পুলিশ বলেছে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তাই শেখ হাসিনাকে আমি বলব—আপনি পদত্যাগ করুন।’ এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ পদত্যাগ তো তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসার পর শত শত বার করেছে। এ দাবি করার মতো অবস্থানে বিএনপি নেই। শেখ হাসিনা আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, তিনি দেশ-বিদেশে অনেক বেশি গ্রহণযোগ্য।’
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদেরই এখন একযোগে পদত্যাগ করা উচিত। বিএনপি একটি বড় দল। আন্দোলনে ৫০০ লোকও কোথাও জমাতে পারেনি। গত ৭-৮ বছরে বাংলাদেশের কোথাও একটা বড় মিছিল হয়নি। তাঁরা জাতীয় নির্বাচনেও যায়নি, সংসদেও তাঁরা নেই। এই ব্যর্থতার জন্য দলটির নেতা-কর্মীরা হতাশ। এ মুহূর্তে তাঁদেরই একযোগে পদত্যাগ করা উচিত।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া একাধিকবার ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তাঁদের কোনো সাফল্য নেই। অর্জন নেই, উন্নয়ন নেই। আন্দোলনে তাঁরা ব্যর্থ। নির্বাচন না করে তাঁরা ভুলের চোরাবালিতে আটকে গেছে। অবশেষে তাঁরা এখন বুঝতে পেরেছে, নির্বাচন ছাড়া বিকল্প নেই। এ কারণে এবার তাঁরা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তী ইউপি নির্বাচনেও অংশগ্রহণ করবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরায়েজি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘ফরায়েজি একজন মুক্তিযোদ্ধা, সৎ মানুষ ও জনপ্রিয় নেতা ছিলেন। সিআইডিকে বলেছি দ্রুত তদন্ত শেষ করে যাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁরা যত বড় প্রভাবশালী হোক বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’