লেখকদের তাঁদের লেখা ও শিল্পের প্রতি যেমন দায় আছে তেমনি মানুষের প্রতিও দায় আছে। এই দুইয়ের সমন্বয়, জনগণের সঙ্গে একাত্মতাবোধ ও দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার মাধ্যমেই লেখকেরা তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, অর্জিত হবে সফলতা।
গতকাল শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান।
প্রগতি লেখক সংঘের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, ভারতের কবি সুকুমার সরকার, জাপানের লেখক নাওমি ওয়াতানাবে এবং ইতালির লেখক সিলভানো গারেল্লো প্রমুখ।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক ও সাহিত্যিক আন্দোলনকে মেলাতে না পারলে দেশের বর্তমান অবস্থান থেকে উত্তরণ সম্ভব নয়।
‘দ্রোহে আর রুদ্রে বাজাক ঢোলক শূদ্রে’ এই স্লোগান সামনে রেখে আয়োজিত সম্মেলনে বক্তারা সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলা এবং গাজায় ইসরায়েলি হামলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, জনগণকে ঐক্যবদ্ধ হলেই মৌলবাদের বিরুদ্ধে বিজয় আসবে। পরে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে আটজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
নতুন কমিটি ঘোষণা: প্রথম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাট্যকার রতন সিদ্দিকী। এ ছাড়া কার্যকরী সভাপতি হয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু।