প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আমাদের খুবই বিচিত্র। খুনিদের সংসদে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আইন করা হয়েছিল। এই আইনের ফলাফল আর যা-ই হোক, জনকল্যাণকর ছিল না।’জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে প্রবাসী বাংলাদেশিসহ সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আর ওয়ান-ইলেভেনের অবস্থায় ফিরে যেতে চায় না। প্রজাতন্ত্রের মালিক জনগণ, এ জন্য আমরা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করেছি।’গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে হোটেল ম্যারিয়ট মারকুইসে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা তাঁর সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের তিক্ত অভিজ্ঞতার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফখরুদ্দীন সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল। এ জন্য তারা অনেক ষড়যন্ত্র করে। কিন্তু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে তারা নির্বাচন দিতে বাধ্য হয়।নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় আমার দল করতেন—এমন একজন আন্তর্জাতিক আইনজ্ঞ ফতোয়া দিলেন, তত্ত্বাবধায়ক সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবে। নানা ফোরাম-টোরাম করে যিনি ব্যর্থ হয়েছেন, তাঁর ফতোয়ায় কোনো কাজ হয়নি।’অনুষ্ঠানে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বুকোভা ফিলোসফি অব স্টেটম্যান শেখ হাসিনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। যুবলীগ শেখ হাসিনার ৬৫তম জন্মদিন উপলক্ষে দুই ভাষায় এ বই প্রকাশ করে।মার্কিন বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আহ্বান: বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বুধবার বিকেলে গ্র্যান্ড হায়াত হোটেলের রিজেন্ট রুমে মার্কিন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে এ ক্ষেত্রে তাঁর সরকারের দেওয়া উদার বিনিয়োগ সুবিধা গ্রহণ করে এ দেশের সমৃদ্ধির অংশীদার হতে মার্কিন বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের ‘প্রথমে শিক্ষা’ উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন: প্রধানমন্ত্রী বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ইকোসকো চেম্বারে ‘প্রথমে শিক্ষা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। এতে তিনি বিশ্বের প্রতিটি শিশুর শিক্ষায় সহায়তা দেওয়ার জন্য উন্নয়ন অংশীদার, জাতিসংঘ সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব বান কি মুনও বক্তৃতা করেন।