জনগণ কেটে দিল বাঁধটি
কয়েক শ গ্রামবাসীর বিক্ষোভের মুখে গতকাল শনিবার দুপুরে কেটে দেওয়া হলো বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের প্রবহমান পুটিমারী খালের ওপর নির্মিত বাঁধটি। এ সময় স্থানীয় সাংসদ হাবিবুন নাহার ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আ. খালেক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।মংলার পশুর নদী থেকে প্রবহমান পুটিমারী খালটি বাঁশতলা বাজারের পাশ দিয়ে উপজেলার গোলেরডাঙ্গা, বুড়বুড়িয়া, মধ্য হলদিবুনিয়া, দিয়ারখণ্ড, সাতঘরিয়াসহ ১৫টি গ্রামের ওপর দিয়ে গেছে। গত বছরের জুলাইয়ের প্রথম দিকে সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজার রক্ষার নামে পুটিমারী খালে বাঁধটি দেওয়া হয়। এ কারণে মংলার চিলা, চাঁদপাই, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ১০ হাজার একর জমিতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পাঁচ সহস্রাধিক পরিবারের একমাত্র জীবিকা চিংড়ি চাষ বন্ধ হয়ে যায়। এ নিয়ে প্রথম আলোতে গত বছরের ১৪ জুলাই একটি প্রতিবেদন প্রকাশিত হয়।ভুক্তভোগী জনগণ গত সপ্তাহে জেলা প্রশাসক ও খুলনা সিটি করপোরেশনের মেয়রের কাছে খালটি বাঁধমুক্ত করার আবেদন জানায়।