জনগণ ঘৃণাভরে সরকারকে প্রত্যাখ্যান করবে: খালেদা

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারের জনপ্রিয়তা যাচাই করতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানি, জনগণ ঘৃণাভরে এই খুনি, দুর্নীতিবাজ ও জালিম সরকারকে প্রত্যাখ্যান করবে।’ আজ শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার, উপনির্বাচনসহ একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। তাই তাদের (সরকার) পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। বর্তমান সরকারকে অত্যাচারী আখ্যা দিয়ে তাদের হাত থেকে দেশ ও দেশবাসীকে মুক্ত করতে রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন খালেদা। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে একদিকে জনগণের ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন শুরু করেছে, অপরদিকে সম্পদ লুটপাট করেছে। তাই জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। এ সময় তিনি জনগণের আশা পূরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জামায়াতের নায়েবে আমির এ কে এম নাজির আহমেদের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সাংসদ এম শামসুল ইসলাম, দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল্লাহ মো. তাহের প্রমুখ। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, এলডিপির সভাপতি অলি আহমদ, খেলাফত আন্দোলনের আমির আহমাদুল্লাহ আশরাফ ও ১৮-দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।