জনগণ চাইলে আড়িয়ল বিলেই বিমানবন্দর হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, জনগণ চাইলে আড়িয়ল বিলেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এখনো সম্ভব। গত বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিল-সংলগ্ন গোবিন্দপুর অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বর্ষবরণ উদ্যাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এম এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে বর্ষবরণ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, গত ২৬ মার্চ নবাবগঞ্জে যারা গুলির ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। কোনো সন্ত্রাসীকে আওয়ামী লীগে জায়গা দেওয়া হবে না। আওয়ামী লীগ মানুষের সেবা করার দল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু আপনারা বিমানবন্দর চাননি। তাই তিনি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছেন। আড়িয়ল বিলে বিমানবন্দর হলে এখানে মিল-কারখানা গড়ে উঠত। গ্যাস, পানি ও শহরকেন্দ্রিক সব সুবিধা পাওয়া যেত। দোহার, নবাবগঞ্জ উপশহর হিসেবে বিশ্বে পরিচিতি পেত। আপনারা চাইলে আড়িয়ল বিলে এখনো বিমানবন্দর করা সম্ভব।’