জনগণ জানে ভারতের টাকা কারা এনেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘জনগণের সঙ্গে টালবাহানা করলে জনরোষে পড়বেন। আপনারা এত দিন যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি আন্দোলন করছে বলে ঢোল বাজিয়েছেন। এখন আবার আইএসআইয়ের নতুন রেকর্ড বাজাচ্ছেন। কিন্তু এতে কোনো লাভ হবে না। কারণ, জনগণ জানে, ভারত থেকে টাকার বস্তা এনে কারা নির্বাচন করেছে।’গতকাল বুধবার বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল।মির্জা ফখরুল দাবি করেন, তারেকের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে নির্বাচনের বাইরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আইএসআইয়ের কাছ থেকে নির্বাচনের আগে তাঁর দলের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দুবাইভিত্তিক খালিজ টাইমস পত্রিকায় যে খবরটি বেরিয়েছে, তা করেছেন একজন ভারতীয় নাগরিক। আর ওই পত্রিকার মালিক ভারতীয় বংশোদ্ভূত। কিন্তু এখন আসাম টাইমস পত্রিকায় খবর বেরিয়েছে, ওই খবর বের হওয়ার আগে ওই সাংবাদিককে ভারতের এক গোয়েন্দা সংস্থায় দেখা গেছে। এটা এখন পরিষ্কার, গত নির্বাচনের সময় ভারতের কাছ থেকে আওয়ামী লীগ বস্তা ভরে টাকা এনেছিল বলে ইকোনমিস্ট পত্রিকায় যা ছাপা হয়েছে তার ‘কাউন্টার’ দিতে খালিজ টাইমস-এ এই খবর ছাপা হয়েছে।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরী, আবদুস সালামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।