জনগণ ধর্মের নামে রাজনীতি মেনে নেবে না: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ অতীতে কখনোই ধর্মের নামে রাজনীতি মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মজীবী নারীর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভাষণকালে এ কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। তারা শান্তিপ্রিয়, উগ্র নয়। ধর্মকে পুঁজি করে যারা সমাজে নারী উন্নয়ন নীতি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, তিনি সবার প্রতি তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে জাতীয় নারী উন্নয়ন নীতি, ২০১১ প্রণয়ন করেছে।রাষ্ট্রপতি বলেন, কোমলমতি কিশোর মাদ্রাসাশিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে তাদের রাজপথে মিছিলে অংশগ্রহণে বাধ্য করা কোনো প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ ও শান্তির বাণী জনসম্মুখে তুলে ধরতে হবে। ইসলাম ধর্মের বিধিবিধানের সঙ্গে নারী উন্নয়ন নীতির কোনো বিরোধ নেই—এই সত্যটি সবাইকে জানাতে হবে। জিল্লুর রহমান বলেন, নারী উন্নয়ন নীতি, ২০১১ নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, তা স্পষ্ট করতে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে অসতে হবে। রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের প্রক্রিয়ায় পুরুষের চেয়ে নারীর অবদান বেশি। সভ্যতার ক্রমবিকাশের ধারায় দেখা যায়, কৃষিকাজ শুরুর পুরোভাগে ছিল নারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী খলীকুজ্জমান আহমদ, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার ও সাধারণ সম্পাদক শারমিন কবির বক্তৃতা করেন।