জনগণ ব্যালটে জবাব দিতে প্রস্তুত: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ব্যালটের মাধ্যমে সরকারের সব অপকর্মের জবাব দিতে জনগণ প্রস্তুত হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার গণতন্ত্রের মুখোশ পরে চরম স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে।গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন তাঁর গুলশানের কার্যালয়ে দলের কারামুক্ত নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, সামনে সুদিন, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের ভয় পায়। সে জন্য তারা নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। কোনো দলের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। খালেদা জিয়া অভিযোগ করেন, এ সরকার একটি দুর্নীতিবাজ সরকার। এরা লুটপাট ও দুর্নীতি করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। তিনি নতুন বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বলে মন্তব্য করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এ সরকারই শেষ সরকার নয়। আপনারা আজীবন ক্ষমতায় থাকবেন না। সময় ফুরিয়ে আসছে। তাই দেশ ও জনগণকে নিয়ে ভালো চিন্তা করুন। তা না হলে জনগণ এর জবাব দেবে।’খালেদা জিয়ার পক্ষ থেকে কারামুক্ত নেতা-কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন কারামুক্ত নেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, আমান উল্লাহ, রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতা-কর্মী।১৮ দলীয় জোটের সঙ্গে বৈঠকগতকাল রাতে খালেদা জিয়া ১৮-দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে কয়েকজন নেতা জানিয়েছেন।বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানান, খালেদা জিয়া তাঁদের চার সিটি করপোরেশনে গিয়ে নির্বাচনী কাজে অংশ নিতে নির্দেশ দিয়েছেন। এ নির্বাচনে যেন কোনো ধরনের কারচুপি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে তিনি তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৮-দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।