জনগণ ভোট না দিলে হার মেনে নেব: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণ আমাদের ভোট না দিলে আমরা হার মেনে নেব, ক্ষমতা হস্তান্তর করব। তবে আপনারা নির্বাচনে না এলে আওয়ামী লীগ একাই নির্বাচনের পথে হাঁটবে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘স্পিকার ডেকেছেন। এটাই আপনাদের (বিএনপি) শেষ সুযোগ। অন্তর্বর্তী সরকার কীভাবে চান, সংসদে এসে আলোচনা করুন। কিন্তু আপনারা (বিএনপি) যদি নির্বাচনে না আসেন, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে বাধ্য হচ্ছি, “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে।” আমরাও জনগণকে সঙ্গে নিয়ে একাই নির্বাচন করব।’
নাসিম বলেন, ‘সংবিধানসম্মতভাবে আগামী দিনে নির্বাচন হবেই। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলাম নির্বাচন প্রতিরোধে রাজপথে পাঁচ হাজার লোক জমায়েত করলে আওয়ামী লীগ ৫০ হাজার নেতা-কর্মী নিয়ে তাদের প্রতিরোধ করবে।’
এ সরকারের আমলের বিভিন্ন নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নাসিম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করে আমরা হেরেছি। আমরা মেনে নিয়েছি। কোনো কারচুপি করি নাই। আপনারা নির্বাচনে আসুন। জনগণ আমাদের ভোট না দিলে আমরা মেনে নেব, ক্ষমতা হস্তান্তর করব।’
বিএনপিকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘আমরা চার বছরে কোনো ভুল করি নাই, তা নয়। আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি। তাই জনগণের কাছে আবার ভোট চাইছি। মুখোশ পরে আপনারা চলেন। আপনারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান। আপনাদের শাসনামলে আমরা দেখেছি জঙ্গিদের কর্মকাণ্ড। তাই বলব, খোলস থেকে বেরিয়ে আসুন।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান প্রমুখ।