সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ওপর আস্থা রয়েছে বলে জনগণ মধ্যবর্তী নির্বাচনের জন্য আগ্রহী নয়।
গতকাল শুক্রবার বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ সরকারের মেয়াদে পার্বত্য চট্টগ্রামের সব সমস্যার সমাধান করা হবে।
আওয়ামী লীগ ছাড়া এ অঞ্চলের সমস্যার সমাধান কেউ করবে না—এ দাবি করে মন্ত্রী বলেন, পাহাড় ও পাহাড়ি মানুষকে উপেক্ষা করে সমস্যা সমাধান হবে না। পাহাড়িদের জাতীয় মূলধারায় নিয়ে এসে সমস্যা সমাধান করতে হবে। তিনি আরও বলেন, ২০১৮ সালের মধ্যে তিন পার্বত্য জেলাকে আকর্ষণীয় পর্যটন অঞ্চলে পরিণত করা হবে।