জনগণ রায় প্রত্যাখ্যান করেছে সরকারের পদত্যাগ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের রায় জনগণ প্রত্যাখ্যান করায় সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মানবতাবিরোধীদের বিচারের জন্য তাঁরা আইন করলেন, ট্রাইব্যুনাল গঠন করলেন। তাঁরাই বিচারক, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা নিয়োগ দিলেন। সে ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। জনগণ এ রায় প্রত্যাখ্যান করেছে। তাই এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তাঁদের উচিত অবিলম্বে পদত্যাগ করা।’গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ দাবি করেন। বর্তমান সরকারের ‘দুঃশাসন, সর্বগ্রাসী দুর্নীতি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের’ দাবিতে সমাবেশের আয়োজন করা হলেও মূলত মাঠে অবস্থান জানান দিতে বিএনপি এ কর্মসূচি দেয়। মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের লাগাতার আন্দোলনের মুখে রাজনৈতিকভাবে ব্যাপক চাপে পড়ে বিএনপি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বৈরী আবহাওয়ার মধ্যে গতকালের সমাবেশে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক জমায়েত করে। মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব মানবতাবিরোধী অপরাধের বিচার চাই। আমরা যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারি, তাহলে সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবেই হবে।’ তিনি খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।শাহবাগে আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘নতুন প্রজন্মের ভাইবোনেরা প্রথমে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাতে হয়তো আন্তরিকতা, সততা ছিল। আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। এখন দেখতে পাচ্ছি, শাহবাগ স্কয়ার ধীরে ধীরে আওয়ামী স্কয়ারে পরিণত হতে যাচ্ছে।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ব্লগার রাজীবকে কে হত্যা করেছে, তা খুঁজে বের করা হোক। এমনও হতে পারে, এ সরকারের কেউ তাঁকে হত্যা করেছে শাহবাগের আন্দোলনের আগুনে ঘি ঢেলে দেওয়ার জন্য।’শাহবাগের আন্দোলন সরকারের বিরুদ্ধে বড় অনাস্থা বলে মন্তব্য করেছেন সমাবেশের সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।