রাজশাহীতে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, যারা ঈদের জামাতে হামলা চালায়, যারা নামাজরত মানুষের ওপর গুলি চালায়, তারা কখনো ইসলামে বিশ্বাসী হতে পারে না। তারা দেশের শত্রু, ইসলামের শত্রু। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকার ফলেই এই জঙ্গিদের দমন করা সম্ভব হয়েছে। জনগণ সঙ্গে থাকলে জঙ্গিবাদ বাংলাদেশে কখনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।
গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়ে জঙ্গিবাদের চ্যালেঞ্জকে মোকাবিলা করে যাচ্ছি। জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে, কোনো চ্যালেঞ্জকেই আমরা আর চ্যালেঞ্জ মনে করি না।’ সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘যারা মুসলিমদের ভালো চায় না, তারাই এই কাজগুলো করছে। বাংলাদেশে আমরা সবাই এক আছি, এক থাকব। এই বাংলার মানুষ কখনোই ভুল করে ওই সন্ত্রাসবাদীদের পাল্লায় পা দেবে না।’
সভায় শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘আলেম-ওলামা, সাধারণ মানুষ, সরকারি লোক—সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখানে কোনো বিরোধী দল নাই। তবে শত্রু আছে। সবাইকে ঐক্যবদ্ধভাবেই এই জঙ্গিবাদকে মোকাবিলা করতে হবে। জঙ্গিবাদ মোকাবিলা শুধু সরকারি দায়িত্ব নয়, এটা আমাদের ধর্মীয় দায়িত্বও।’ রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন বাদশা, ওমর ফারুক চৌধুরী, আবদুল ওয়াদুদ, আখতার জাহান প্রমুখ।