জনগণ সচেতন হলে জবাবদিহি নিশ্চিত করা যায়: ড. কামাল
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্রকে কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে হলে জনগণকে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলেই জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে হবে।কামাল হোসেন বলেন, ‘সরকার সেবকের ভূমিকায় থাকবে। সরকারের শাসক বা হুজুর বাহাদুরের ভূমিকায় থাকার দিন শেষ। এখন জনগণই হুজুর বাহাদুর।’গতকাল সোমবার ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন সচেতনতাবিষয়ক প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এ সেমিনারের আয়োজন করে। এতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ব্র্যাক পরিচালিত ‘সামাজিক ক্ষমতায়নে তথ্য অধিকার আইন সচেতনতা বৃদ্ধি প্রকল্প’র ওপর একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে পরীক্ষামূলক এই প্রকল্পের উপকারভোগীদের কয়েকজন তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, তথ্য অধিকার আইনটি দুর্নীতি দমনে সহায়ক। তবে এখন পর্যন্ত বড় বড় দুর্নীতির বিষয়ে তথ্য পেতে এ আইনটিকে সেভাবে ব্যবহার করা হয়নি।সেমিনারের সভাপতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, ‘আমরা যাঁরা শিক্ষিত বা সমাজে পরিচিত, তাঁদেরই তথ্য পেতে কষ্ট করতে হয়।’বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ সরকারি খাত ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বিক্রম কে চাঁদ তথ্য অধিকার আইনটিকে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানান।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা ব্র্যাকের প্রকল্পটির ওপর পরিচালিত সমীক্ষার ফলাফল জানান। তিনি বলেন, ব্র্যাকের বিদ্যমান কাঠামোকে ব্যবহার করে প্রকল্পটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, তৃণমূলের জনগণের মধ্যে তথ্য পাওয়ার জন্য চাহিদা ও আগ্রহ বেড়েছে। তথ্য চাইলে কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য এ আত্মবিশ্বাসও তৈরি হয়েছে।সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা মঞ্জুর হাসান, ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান আলোচনায় অংশ নেন।সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রকল্পটি গাজীপুর ও ময়মনসিংহ জেলার পাঁচটি উপজেলায় গত জুন পর্যন্ত এক বছর মেয়াদে পরিচালিত হয়। এ কর্ম এলাকায় ১৪৫ জন ‘তথ্যবন্ধু’ কাজ করছেন। তাঁদের মাধ্যমে স্থানীয় জনগণ এক হাজারের বেশি তথ্য পাওয়ার জন্য আবেদন করে ৯৫৬টি তথ্য পেয়েছেন।সেমিনারে ময়মনসিংহের মুক্তাগাছার তথ্যবন্ধু তারা মিয়া বলেন, ‘ভূমি অফিসে তথ্যের আবেদন দেখালে অফিসাররা চোখ কপালে তোলেন। ব্র্যাকের কাজ নেই, তাই লোকজনকে এসব আইনকানুন শেখায় বলে অফিসাররা রাগ করেন।’তারা মিয়া আইনটি দরিদ্র জনগণের খুবই উপকারে আসছে বলে উল্লেখ করেন। তবে আইনে তথ্য না পেলে আপিল করার জন্য ঢাকায় তথ্য কমিশন পর্যন্ত পৌঁছানো এবং তথ্য না দিলে জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেন। সেমিনারে উপস্থিত অন্য উপকারভোগীরা জানান, এ আইনটি ব্যবহার করে সরকারি কর্মকর্তা, কাজিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি কিছুটা হলেও ধরতে পেরেছেন।