জনগণ সরকারকে ধরেছে এবার রক্ষা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ সরকারকে ধরেছে। এবার আর তারা রক্ষা পাবে না। তিনি বলেন, সরকার মানুষকে কোনো কিছুতেই স্বস্তি দিতে পারছে না। উল্টো নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে।সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গতকাল বুধবার বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অবিলম্বে তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে তেলের দাম বাড়ানো অযৌক্তিক। তা ছাড়া আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বাড়েনি। তিনি বলেন, সরকারদলীয়দের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। এখন ভর্তুকি কমিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা চলছে।‘বাঘে ধরলে ছাড়া পাওয়া যায়, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়া পাওয়া যায় না’—আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের এই বক্তব্যের সূত্র ধরে মির্জা ফখরুল বলেন, এবার আওয়ামী লীগ সরকারকে জনগণ ধরেছে। তারা আর রক্ষা পাবে না। সরকার বিরোধী দলের আন্দোলনের গণজোয়ার দেখে আতঙ্কিত। তাই দমনপীড়ন চালাচ্ছে। খুলনায় রোডমার্চ হবে। এরপর চট্টগ্রামে। তার পরই সরকারকে পদত্যাগে বাধ্য করতে বৃহত্তর কর্মসূচি দেবেন খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, গত ছয় মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়, কৃষির উৎপাদন খরচ বাড়ছে। অথচ মানুষের আয় বাড়েনি। শেয়ারবাজারে কারসাজি করে লাখ লাখ বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা করে বাড়ানোর প্রতিবাদে বিএনপির দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির গতকাল ছিল শেষ দিন। গতকাল ঢাকাসহ সব বিভাগীয় শহরে ওই কর্মসূচি পালিত হয়। গতকালের সমাবেশের পর একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।