জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। সরকার ৫-০ তে হেরেছে। এই সরকারের ওপর মানুষের কোনো আস্থা নেই। তারা যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেসব পূরণ করতে পারেনি। খুলনার নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান ও সিটি করপোরেশনের কাউন্সিলররা গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়া এসব কথা বলেন।বিএনপির চেয়ারপারসন বলেন, এই সরকারের কাছে জনগণ কিছুই আশা করতে পারে না। নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করুন। তাহলে সরকার তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে বাধ্য হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের জন্য কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটা বড় করে দেখবেন না। এই সরকারের কবল থেকে জনগণকে মুক্ত করাই আমাদের প্রধান কাজ।’আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ এক বক্তব্যে গাজীপুরকে আওয়ামী লীগের দ্বিতীয় দুর্গ বলেছিলেন। তাঁর ওই বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, দ্বিতীয় দুর্গে ভরাডুবি হয়েছে। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রথম দুর্গ গোপালগঞ্জেও আওয়ামী লীগের ভরাডুবি হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকত উল্লা এবং চেয়ারপারসনের উপদেষ্টা শাজাহান ওমর।