
যুক্তরাষ্ট্র সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশের জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে৷ এখন তারা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়৷ আর সে কারণে নির্বাচনের পর থেকে দেশে স্থিতিশীলতা বিরাজ করছে৷
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গত বৃহস্পতিবার বান কি মুনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি এসব কথা বলেন৷ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এসব কথা জানান৷ খবর ইউএনবি ও বাসসের৷
আবদুল হামিদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এই মিশনের কমান্ড পদে প্রতিনিধিত্ব আশা করে৷ তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ৷ এ প্রসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত শান্তিরক্ষী প্রস্তুত ও মোতায়েনে বান কি মুনের আহ্বানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়া দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি৷
বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সোচ্চার অবস্থান এবং দারিদ্র্যের হার কমানো, স্বাস্থ্যব্যবস্থা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের উন্নতির প্রশংসা করেন বান কি মুন৷
রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, রাষ্ট্রপতির প্রতিরক্ষাসচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকে উপস্থিত ছিলেন৷ জাতিসংঘের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমীরাহ হক ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা৷
বাংলাদেশ মিশনের কার্যালয় পরিদর্শন: বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যালয় পরিদর্শন করেন রাষ্ট্রপতি৷ সেখানে বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন৷ এ সময় তিনি মিশনে কর্মরত ব্যক্তিদের বিশ্বসম্প্রদায়ের সামনে বাংলাদেশের মর্যাদা রক্ষায় নিজেদের দায়িত্ব পালনে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান৷ বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যালয় পরিদর্শনের ঘটনা এটাই প্রথম৷
প্রবাসীদের সংবর্ধনায়: প্রবাসে শান্তিপূর্ণভাবে বসবাস করতে ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেসেতে যুক্তরাষ্ট্রপ্রবাসী কিশোরগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান৷