মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাবা-মায়ের পর চাচাকে হারিয়ে তিনি অভিভাবকহীন। তাই জনগণই এখন তাঁর অভিভাবক। সদ্য প্রয়াত চাচা শাহাবুদ্দিন আহমেদের স্মরণে গতকাল মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ ২৩ জুলাই মারা যান। তাঁর স্মরণে গতকাল দুপুরে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ বলেন, ‘১৯৮৪ সালে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন আমার বাবা ময়েজউদ্দিন আহমেদ। দুই বছর আগে মাকেও হারিয়েছি। অভিভাবক হিসেবে ছিলেন চাচা শাহাবুদ্দিন। তিনিও ২৩ জুলাই মারা যান। সবাইকে হারিয়ে কালীগঞ্জের সর্বস্তরের জনগণই এখন আমার অভিভাবক।’
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন সরকার সভাপতিত্ব করেন। যুগ্ম সম্পাদক এ বি এম তারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি ভূঁইয়া, সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির প্রমুখ।