জনগণই ঠিক করবে ২৫ তারিখের পর কে কোথায় থাকবে: কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণই ঠিক করবে ২৫ অক্টোবরের পর কে কোথায় থাকবে। বিরোধী দল যে আন্দোলনের শোডাউনের কথা বলছে, এটা মূলত তাদের নির্বাচনী শোডাউন এবং বর্তমানে কোনো নেতা-কর্মীই আন্দোলনের মেজাজে (মুড) নেই বরং নির্বাচনী মেজাজে আছে।
আজ শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড়ে ১০ লেনবিশিষ্ট নবীনগর ইন্টারসেকশনের উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, নবীনগর মোড়ের ১০ লেনবিশিষ্ট নবীনগর ইন্টারসেকশনই হচ্ছে দেশের সর্ববৃহৎ এবং প্রথম ১০ লেনবিশিষ্ট ইন্টারসেকশন। লেনগুলো এ এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগমন্ত্রী বলেন, কোরবানির ঈদের পশুবাহী গাড়িগুলো সড়কে না আটকানোর বিষয়ে নজর রাখা হচ্ছে। কারণ বর্তমানে এটি যানজটের অন্যতম কারণ।
ইন্টারসেকশন উদ্বোধনকালে ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন খান, ঢাকা ও মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীরাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।