
বহু প্রত্যাশিত দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করে দেশের জনগণকে আমরা আরও সুন্দরভাবে চলাচলের সুযোগ করে দিতে সক্ষম হব।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের পাশাপাশি ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের’ আওতায় গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) নির্মাণকাজেরও উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট পরিস্থিতি বিবেচনা করেই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত ২০১৯ সালে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালে মেট্রোরেল চলবে।
প্রধানমন্ত্রী বলেন, এ লাইনে মহানগরের ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে স্টেশন থাকবে। এতে প্রতি ঘণ্টায় উভয় দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করবে এবং উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মাত্র ৩৮ মিনিটেই পৌঁছাতে পারবে।
প্রধানমন্ত্রী উপস্থিত সড়কমন্ত্রীকে অনুরোধ করেন, যেন ২০১৯ সালেই প্রকল্পটি আগারগাঁও নয়, ফার্মগেট পর্যন্ত সম্পন্ন হয়।
ঢাকা শহরের পূর্ব-পশ্চিম অংশের সংযোগসহ একটি সমন্বিত গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হালনাগাদ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর সুপারিশ অনুযায়ী এয়ারপোর্ট-খিলক্ষেত-বারিধারা-বাড্ডা-রামপুরা-মৌচাক হয়ে কমলাপুর এবং খিলক্ষেত-পূর্বাচল কাঞ্চন ব্রিজ পর্যন্ত ২৮ কিলোমিটার এমআরটি লাইন-১ এবং গাবতলী-টেকনিক্যাল-মিরপুর-১, ১০ ও ১৪-বনানী-গুলশান-২ হয়ে ভাটারা পর্যন্ত ১৩ কিলোমিটার এমআরটি লাইন-৫-এর সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘গাজীপুরসহ আশপাশের জেলার জনগণের ঢাকা মহানগরীতে যাতায়াত সহজ, পরিবেশবান্ধব, নিরাপদ ও দ্রুত করার জন্য গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি লাইন স্থাপনের উদ্যোগ আমি গ্রহণ করি। প্রকল্পটি ডিসেম্বর ২০১৮ সালে সমাপ্ত হবে।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন প্রকল্পটি বাস্তবায়িত হলে বাসভিত্তিক দ্রুতগামী এ গণপরিবহনব্যবস্থায় প্রতি ঘণ্টায় উভয় দিকে ২৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুসচিব এম এ এন সিদ্দিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ তহবিলে দান: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক গতকাল ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে গতকাল এই অর্থের চেক হস্তান্তর করা হয়।