জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে মানবাধিকারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বিএইচআরসি) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ সহজ-সরল ও শান্তিপ্রিয়। শিক্ষার অভাব ও দারিদ্র্যের কারণে অনেকেই তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তিনি বলেন, ‘নৈতিক মূল্যবোধহীন একশ্রেণীর লোক সমাজের অসহায় ও অসচেতন মানুষের অধিকার হরণ করছে। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’ তিনি মানবাধিকার কাউন্সিলকে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সরকার মানবাধিকার রক্ষায় তথ্য অধিকার আইন চালু ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।অনুষ্ঠানে বিএইচআরসির সভাপতি শেখ কবির হোসেন, সহসভাপতি এ রহিম খান ও মহাসচিব ফরিদ উদ্দিন বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ: রাষ্ট্রপতি গ্রামীণ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্রুত গ্রামীণ উন্নয়ন প্রয়োজন।’রাষ্ট্রপতি নিম্ন আদালতের অবকাঠামোর উন্নয়ন ও সাধারণ বিচারপ্রার্থীদের সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এতে অংশ নেওয়ার পক্ষে তাঁর সম্মতি জানান।