সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে দেশ ‘বিক্রির প্রতিযোগিতায়’ নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কের নিজ বাসভবনে এক প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন। আগামী ১২ মার্চ ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি সফল করতে এই সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেন বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ খান বলেন, সরকারের ‘ডিজিটাল আচরণ’ জনগণকে হতাশ করেছে। সাধারণ মানুষ নিজ দায়িত্বে ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ১২ মার্চের মহাসমাবেশ থেকে সরকারের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সভায় ঢাকা চলো কর্মসূচি সফল করতে করণীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে আলোচনা করেন নেতারা। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দ্বিপেন দেওয়ান, সাধারণ সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম ও রবীন্দ্র লাল চাকমা, বান্দরবান বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।