দেশের জনগণকে না জানিয়ে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করা যাবে না। একই সঙ্গে ওই চুক্তির শর্তাবলি নিয়ে সংসদেও আলোচনা হতে হবে। অসম চুক্তি চাপিয়ে দেওয়া হলে দেশের মানুষ তা মেনে নেবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত ‘ট্রানজিট ও বাংলাদেশের জাতীয় স্বার্থ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কার্যালয়ে গতকাল রোববার বিকেলে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, কিসের ভিত্তিতে চুক্তি হচ্ছে, দেশের কী আয় হবে, আর কী ব্যয় হবে, তার হিসাব দেশবাসীকে জানাতে হবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা করতে হবে।সময় নিয়ে বুঝেশুনে চুক্তি করার আহ্বান জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চুক্তির শর্তে কী বলা আছে, দেশের জনগণ তো দূরের কথা, সরকারের বাইরের রাজনৈতিক দলগুলোও এ সম্পর্কে কিছু জানে না। বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, চুক্তির ব্যাপারে সরকারের উদ্দেশ্য কী, তা পরিষ্কার নয়। চুক্তি হলে অবকাঠামো খাতে ৫০ হাজার কোটি টাকা খরচ হবে। সে টাকা কে দেবে? রাস্তা ব্যবস্থাপনার যে খরচ, তা কারা দেবে? তা ছাড়া এই চুক্তির পেছনে শুধু যে ভারতের অর্থনৈতিক স্বার্থ জড়িত, এমনটা ভাবার কারণ নেই। দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিদ্রোহ দমনে যে এই ট্রানজিট ব্যবহার করা হবে না, তার নিশ্চয়তা কে দেবে?বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, এই চুক্তিটিই ভারতের সঙ্গে বাংলাদেশের দর-কষাকষির একমাত্র বিষয়। এটি একবার হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের হাতে আর কিছুই থাকবে না। সুতরাং এই চুক্তি সম্পর্কিত আর্থিক লাভালাভের বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হওয়া উচিত। একই সঙ্গে ভারতের অর্থনৈতিক স্বার্থের বাইরে রাজনৈতিক এবং সামরিক কোনো উদ্দেশ্য আছে কি না, সেটাও বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইউনুস বলেন, ট্রানজিট চুক্তির সঙ্গে ভারতের জাতীয় স্বার্থ জড়িত। আমাদের জাতীয় স্বার্থ পানি। সুতরাং ট্রানজিট চুক্তি করার সময় পানির হিসাবটা বিবেচনায় নিতে হবে। অনুষ্ঠানের সঞ্চালক এম এম আকাশ বলেন, সরকার ভারতের সঙ্গে ট্রানজিট, নাকি ট্রান্সশিপমেন্ট, নাকি করিডর, নাকি কানেকটিভিটি চুক্তি করতে যাচ্ছে, তা স্পষ্ট নয়। এখন শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কানেকটিভিটির কথা বলছেন। সে ক্ষেত্রে চুক্তি দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় হতে হবে। অর্থাৎ চুক্তিতে নেপাল-ভুটানকেও অন্তর্ভুক্ত করতে হবে।