জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার একদিকে দমন-পীড়ন চালাচ্ছে, অন্যদিকে আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, গতকাল শুক্রবার সারা দেশে পুলিশ, র্যাব ও বিজিবির গুলিতে ১৮-দলীয় জোটের আটজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সাড়ে ছয় শতাধিক আহত হয়েছেন। ৫৭৫ জনের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। ৩১ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গতকাল খালেদা জিয়া বলেছেন, ২৭ অক্টোবর থেকে বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ। এমন হলে ওই তারিখের পর বিরোধী দলীয় নেতার বৈধতা থাকে কি না—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বক্তব্য ‘স্বব্যাখ্যাত’। তাঁর বক্তব্যের মধ্যেই এর উত্তর রয়েছে বলে তিনি দাবি করেন। সরকার যদি আজকের মধ্যে আলোচনার আহ্বান জানায়, তাহলে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না, জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সময় হলে দেখা যাবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ, র্যাব, বিজিবি প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু এ সরকার তাদের দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে। সীমান্তে হত্যা চলছে। সেখানে দায়িত্ব পালন না করে বিজিবিকে ন্যায়সঙ্গত সংগ্রাম দমনে ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ‘ইনক্লুসিভ’ নির্বাচনকে ভয় পায়। তাই তারা অর্থনৈতিক-প্রশাসনিক ও বিচারিক প্রতিষ্ঠানকে ধবংস করে, চোরাগলি দিয়ে আবার ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে চাইছে। গতকাল দেশের সর্বত্র ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্থানে পুলিশ-র্যাব-বিজিবি ও সশস্ত্র আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লাহ, রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।