জনগণকে বিভ্রান্ত করতে বিশ্বব্যাংকের সংস্কার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ভাষণে বিশ্বব্যাংকের সংস্কারের প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল এ দাবি করেন। ফখরুল বলেন, এমন একটি সময়ে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সংস্কার চাইলেন, যখন তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণসহায়তা বন্ধ করে দিয়েছে। এখন আবার নতুন করে শর্ত দিয়েছে এবং তা পূরণ হলেই তারা ঋণ দেবে।গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বিশ্বব্যাংক, আইএমএফসহ বহুজাতিক দাতা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভাষণে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারকে দায়ী করা হয়।প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য সর্বৈব মিথ্যা দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশে কখনোই ওই অর্থে জঙ্গিবাদ বা সশস্ত্র কর্মকাণ্ড ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে রমনার বটমূলে, পল্টন ময়দানে, যশোরে উদীচীর অনুষ্ঠানে ও নারায়ণগঞ্জে বোমা হামলার ঘটনা ঘটে। ফখরুলের দাবি, প্রধানমন্ত্রীর এ ভাষণে যারা দেশকে অকার্যকর বা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা উৎসাহিত হবে।জিসাসের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, কবি আল মাহমুদ, শিল্পী শবনম মুশতারি প্রমুখ।