জনগণকে সকল ক্ষমতার উৎস করতে সংবিধান সংশোধন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনগণকে সকল ক্ষমতার উৎস করতে সংবিধান সংশোধন করা হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে ১১দিনের সফর শেষে দেশে ফিরে এক সংবর্ধনায় এ কথা বলেন। খবর বাসসের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে দেওয়া সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে আমার দেশে সামরিক আইন ও সামরিক বাহিনী-সমর্থিত সরকার বারবার অসাংবিধানিক পথে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এসব শাসক দেশের সংবিধানকে বিকৃত করেছে। আমরা জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা বজায় রাখতে চাই।’এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী গতকাল রাত আটটা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা, বুদ্ধিজীবী, শিক্ষক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।