প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী বলেছেন, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম এগিয়ে নিতে সহ-ব্যবস্থাপনা একটি প্রমাণিত সফল ধারণা। বন সুরক্ষায় এ ধরনের ২৭টি সহ-ব্যবস্থাপনা কমিটি এবং দেড় লাখের বেশি পরিবার সক্রিয় রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে বন সংরক্ষণের কাজ এগিয়ে নিতে হবে।
গতকাল বুধবার কক্সবাজারের একটি হোটেলে ‘বাংলাদেশে সহ-ব্যবস্থাপনা কার্যক্রমে টেকসই অর্থায়ন’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন প্রধান বন সংরক্ষক। তিনি বলেন, প্রতিবছর ২৩ মার্চ সহ-ব্যবস্থাপনা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
২০০৮ সালের ২৩ মার্চ বনদস্যুদের হামলায় মারা যান টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী বন টহল দলের কর্মী রফিকুল আলম। জাতীয় সম্পদ রক্ষায় তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ২৩ মার্চ সহ-ব্যবস্থাপনা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মো. ইউনুছ আলী বলেন, কক্সবাজারের বনাঞ্চল থেকে অবৈধ দখলদার উচ্ছেদসহ জীববৈচিত্র৵ সংরক্ষণে কাজ করছে বন বিভাগ। সামাজিক বনায়নের পাশাপাশি হিমছড়িসহ বিভিন্ন বনাঞ্চল ঘিরে পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ইউএসএইড বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের বন অধিদপ্তরের যৌথ সহায়তায় এই সংলাপের উদ্বোধন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, সহ-ব্যবস্থাপনা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। বনাঞ্চল রক্ষায় মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন রক্ষায় সহ-ব্যবস্থাপনা কার্যক্রম বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে।
সংলাপে জেলা প্রশাসন, বন বিভাগ, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা, সহ-ব্যবস্থাপনা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।