জনগণকে সচেতন করতে পুলিশের মাইকিং-প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। পুলিশ তল্লাশি চৌকি বসালেও কাজ হচ্ছে না। তাই এলাকাবাসীকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাব পরিচয়ে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত দুই মাসে ছিনতাইয়ের মাত্রা বেড়েছে। ছিনতাই রোধে পুলিশ উপজেলার খাড়াজোড়া, চন্দ্রা, তেলিরচালা ও মৌচাক এলাকার কয়েকটি স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে। এর পরও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, গত দুই মাসে সফিপুর বাজার, মৌচাক, চন্দ্রা, খাড়াজোড়া এলাকায় ৫০ জনের বেশি ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে র‌্যাব বা পুলিশ পরিচয়দানকারী ছিনতাইকারীদের কবলে পড়েছেন।পুলিশ সূত্র জানায়, এ অবস্থায় পুলিশ মাইকিং ও প্রচারপত্র বিতরণ করে এলাকাবাসীকে সচেতন করছে। প্রচারপত্রে লেখা, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছু সন্ত্রাসী র‌্যাব ও পুলিশ পরিচয়ে ছিনতাই করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’ তা ছাড়া এমন ঘটনা কারও সামনে ঘটলে দ্রুত পুলিশকে (কালিয়াকৈর থানার ওসি: ০১৭১৩-৩৭৩৩৬৫) ফোন করতে অনুরোধ করা হয়েছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, থানার পক্ষ থেকে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করে ব্যাপক সাড়া পাওয়া গেছে।