টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা শহরের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে বহু পরিবার। এই অবস্থায় জনগণকে সতর্ক করে মাইকিং করছে জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা প্রশাসক বাংলোর পাহাড়ের একটি অংশ ধসে রাস্তার ওপর পড়েছে। ইসলামপুরের (পুলিশ সুপার কার্যালয়ের পাহাড়টি বিপরীত দিকে) অন্তত দুটি স্থানে, শালবাগান, সবুজবাগ ও কুমিল্লা টিলায় পাহাড় ধসে পড়েছে। পাহাড়ের ছোট অংশ ধসে পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বড় ধরনের পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ বহু স্থানে বহু পরিবার বসবাস করছে।
শালবাগানের বাসিন্দা রজব আলী বলেন, পাহাড় কাটা ও অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তোলার কারণে পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিপদের আশঙ্কা থাকলে বহু পরিবার ঝুঁকি নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছে।
খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর এ টি এম রাশেদ উদ্দিন জানান, যেসব স্থানে পাহাড়ধস হয়েছে, সেখান থেকে মাটি সরানোর কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। আর পাহাড়ধস থেকে জনগণকে সতর্ক করে দেওয়ার জন্য বিকেল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হবে।
খাগড়াছড়ি সদর ছাড়াও খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-মহালছড়ি ও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ওপর বহু স্থানে ছোটখাটো পাহাড়ধসের মাটি রাস্তার ওপর পড়ে থাকার খবর পাওয়া গেছে।