জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশে আয়োজিত বিভিন্ন মেলায় বিদেশি ক্রেতা ও উদ্যোক্তাদের সরব উপস্থিতি প্রমাণ করে বর্তমানে এদেশ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের উত্তম স্থান। তিনি বলেন, এসব মেলার মাধ্যমে বিদেশি পণ্য দেখে বাংলাদেশি পণ্যের গুণগত মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে নিবিড় সম্পর্ক এবং মেলা বাংলাদেশি শিল্পপণ্য এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের বাজারে প্রবেশের সুযোগ এনে দেয় বলে তিনি মন্তব্য করেন।শিল্পমন্ত্রী গতকাল রোববার রাজধানীর সামারাই কনভেনশন সেন্টারে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক ঈদ উৎসব ও মীনাবাজার ২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান সরকারের কঠোর নজরদারির কারণে দ্রব্যমূল্য নিয়ে সব আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেন, পবিত্র রমজানে চাল, ডাল-তেলসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তিনি রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখার বিষয়টি সরকারের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন। এই সাফল্য ধরে রাখতে চলমান বিভিন্ন উদ্যোগ ধরে রাখার আশ্বাস দেন তিনি। সম্প্রতি বিদ্যুৎ নিয়ে সৃষ্ট সমস্যার প্রতি ইঙ্গিত করে শিল্পমন্ত্রী বলেন, ইফতার, তারাবি ও সেহরির মতো গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে, তাতে বিদ্যুৎ বিভাগের একশ্রেণীর কর্মচারীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ ধরনের কর্মচারীরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে অনবরত লোডশেডিং দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। বিদ্যুৎ, গ্যাস ও পানি নিয়ে বিগত সরকারের দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উইমেন্স চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সেলিমা কাদের, ইভেন্ট বাংলার প্রধান নির্বাহী আলী আকবর, মাদার তেরেসা ফাউন্ডেশনের চেয়ারপারসন মাসুদুর রহমান বক্তব্য দেন।গতকাল থেকে শুরু হওয়া এই মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, ইরান, ভুটানসহ দক্ষিণ এশিয়া এবং সার্কভুক্ত দেশগুলো অংশ নিচ্ছে। এতে বস্ত্র, তাঁত, ফ্যাশন সামগ্রী, হস্তশিল্প, শিশু সামগ্রীসহ বিভিন্ন পণ্যের ৭২টি স্টল রয়েছে।