জনগণের অভিযোগ মাথা পেতে নেব: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাঁড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাঁড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, মহাজোট সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি নিয়ে জনগণের কোনো অভিযোগ থাকলে বর্তমান সরকার তা মাথা পেতে নেবে।
আজ শুক্রবার দুপুরে তথ্যমন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাঁড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
খালেদা জিয়ার শাসনামলে উচ্চ পর্যায়ের মন্ত্রী, তাঁর দলীয় নেতা ও তাঁর ছেলেরা যে দুর্নীতি করেছেন, সে সব অভিযোগ মাথায় নিয়ে বর্তমান সরকারের কতিপয় মানুষের দুর্নীতি নিয়ে শোরগোল করা যুক্তিযুক্ত কি না, সে বিষয়ে খালেদা জিয়ার কাছে প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়া ও তাঁর দলীয় নেতাদের দুর্নীতি নিয়ে ‘বড় গলায়’ কথা বলার কোনো জায়গা নেই।
ইনু বলেন, ‘দুর্নীতি নিয়ে সাফাই আমরা গাই না। খালেদা জিয়া তাঁর আমলে সংঘটিত দুর্নীতির সাফাই গাইছেন, আড়াল করছেন, এমনকি দুর্নীতিবাজদের বাঁচাতে হরতাল পর্যন্ত ডাকেন। এটি গণতন্ত্রের জন্য খুবই দুঃখজনক।’
মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশ চষে বেড়াচ্ছেন। কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনের ফল কেন উনি মেনে নেননি, জাতির কাছে তার ব্যাখ্যা দিতে হবে।’

এ সময় সেখানে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ স্থানীয় নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।