জনগণের আকাঙ্ক্ষা পূরণে দুই দেশ একত্রে কাজ করবে: দীপু মনি
এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে দীপু মনি বলেন, আঞ্চলিক সহযোগিতার জন্য বাংলাদেশের নেওয়া উদ্যোগকে ভারতের প্রধানমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর (মনমোহনের) বক্তব্য উদ্দীপনামূলক (ইন্সপায়ারিং)। তিনি আশা করেন, বাংলাদেশে তাঁর এই সফর সফল হবে।’ পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়—তিস্তা চুক্তি তো হচ্ছে না, বাংলাদেশ কি ট্রানজিটের সম্মতিপত্র সই করবে? জবাবে দীপু মনি বলেন, ‘কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি। আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে দুই দেশ কীভাবে কাজ করতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে।’ তিস্তা চুক্তি ও ট্রানজিট নিয়ে আলোচনা কোন পর্যায়ে আছে, জানতে চাইলে দীপু মনি পাশে দাঁড়ানো পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এ ব্যাপারে ওনি কথা বলবেন। আপনারা ওনার কাছ থেকে শুনে নিন।’ মিজারুল কায়েসকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সবকিছুর পর্যায়ক্রমে উন্নতি হবে—আমরা এমনভাবেই দেখছি।’ মনমোহন সিংয়ের এই সফরে আলোচিত সব চুক্তি স্বাক্ষর হবে না—এমন ইঙ্গিত করে মিজারুল কায়েস বলেন, ‘এই মুহূর্তে একটা চুক্তি সই না হওয়া মানে..., এটা চলতে থাকবে। আমাদের চেষ্টা হলো আলোচনা চালিয়ে যাওয়া।’