দশম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিজয়ী ঊষাতন তালুকদার বলেছেন, ‘পাহাড়ি-বাঙালি জনগণ যে আকাঙ্ক্ষায় আমাকে নির্বাচিত করেছেন, তা পূরণ করতে সব সময় সচেষ্ট থাকব। ৪০ বছর আগে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এম এন লারমা সংসদে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলার যে ধারা শুরু করেছিলেন, সেই ধারা নতুন করে প্রবাহিত করব।’
গতকাল শনিবার রাঙামাটি পৌরসভা মিলনায়তনে সকাল ১০টায় আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ঊষাতন তালুকদার এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও এম এন লারমা ফাউন্ডেশন যৌথভাবে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করে।
আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে ঊষাতন তালুকদার আরও বলেন, ‘এই চুক্তি বাস্তবায়নের ওপর আইনশৃঙ্খলাসহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নির্ভরশীল। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পাহাড়ি-বাঙালির সুষম উন্নয়নে আমি সবার সহযোগিতা চাই।’
চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, ‘ঊষাতন তালুকদার দেশের দলীয় রাজনৈতিক ধারার বাইরে জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য হিসেবে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে পার্বত্য চট্টগ্রামের গণমানুষের দাবি তুলে ধরবেন বলে আশা করি।’
জনপ্রতিনিধির কঠিন দায়িত্ব পালনে জনগণের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করে দেবাশীষ রায় বলেন, ‘চাকমা সার্কেলের প্রধান হিসেবে আমার সহযোগিতা সব সময় থাকবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মানিক লাল দেওয়ান, সাবেক অতিরিক্ত সচিব তারাচরণ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বিজয় রতন দে, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি হাজি মনসুর আহমেদ।