
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগতভাবে দায়িত্বশীল এবং জনগণের প্রতি সহানুভূতিপরায়ণ হয়ে তাদের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রোববার রাজধানীতে পুলিশ সদর দপ্তর চত্বরে নবনির্মিত ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশনস মনিটরিং (এনসিসিওএম) ভবনের উদ্বোধনকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরা হচ্ছেন জনগণের আশা-ভরসার স্থল। কাজেই আপনাদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে মনোযোগী হতে হবে।’ তিনি পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেন, বিপদগ্রস্ত মানুষ যেন তাদের হয়রানি, দুর্ব্যবহার ও দুর্ভোগের শিকার না হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু ও জাপানের রাষ্ট্রদূত শিরো স্যাডো শিমা অনুষ্ঠানে বক্তৃতা করেন। মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এই বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস আপনারা সততা ও নিরপেক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করবেন।’
শেখ হাসিনা অপরাধীদের চিহ্নিত ও অপরাধ দমনে পুলিশ বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক মান অর্জন এবং নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের কারণে পুলিশের কাজের প্রকৃতি ও পরিধি বৃদ্ধি পাচ্ছে। তাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার ও মাদকের অপব্যবহার, চোরাচালান এবং নারী ও শিশু পাচারসহ নিত্য-নতুন অপরাধ মোকাবিলা করতে হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এবং সে কারণে আমরা উন্নত প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি প্রয়োগের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।’