জনগণের আস্থা নষ্ট হয়, এমন কাজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের আস্থা বিনষ্ট হয়, প্রধানমন্ত্রীর অর্জন ম্লান হয়, এমন কোনো কাজ করবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ এবং পড়াশোনা করতেও তাঁদের অনুরোধ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে বদলাতে চাইলে আমাদের নিজেদের বদলাতে হবে। ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। না পারলে, ছাত্ররাজনীতির ওপর সাধারণ ছাত্রছাত্রী ও জনগণের আস্থা ফিরে আসবে না।’ তিনি আরও বলেন, ১০টা ভালো উন্নয়ন একটা খারাপ আচরণে ম্লান হয়ে যেতে পারে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমার হাতে হাজার হাজার কোটি টাকার কাজ। কিন্তু ছাত্রলীগের কোনো নেতা-কর্মী আমার কাছে কোনো দিন টেন্ডারের জন্য আসেনি। এটা নিয়ে আমি গর্ববোধ করি। সচিবালয়ে ছাত্রদলের মতো ছাত্রলীগ যায় না। সচিবালয়ে গিয়ে ছাত্রলীগ ধান্দাবাজি করে না। এটা নিয়ে আমি গর্ব করি। কিন্তু বাইরে এখানে-ওখানে মাঝে মাঝে যা কিছু হয়, এগুলো কি বন্ধ করা যায় না? গুটি কয়েকের খারাপের জন্য পুরো দল দায়ী হবে না। দলের ভাবমূর্তি রক্ষার জন্য এদের শাস্তি দিতে হবে।’
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।