
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী দিন-রাত জনগণের সেবায় নিয়োজিত। এ জন্য তাঁর সরকার এ বাহিনীর কল্যাণে যত্নশীল।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ বাহিনী জনগণের আস্থা সমুন্নত রাখবে। খবর বাসস ও ইউএনবির।
পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সব সময় নিবেদিতভাবে কাজ করতে হবে, যাতে আপনারা বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০০০ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করে। শুরু থেকে এই প্রতিষ্ঠান পুলিশ বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করছে। এই ট্রাস্ট পুলিশ সদস্যদের মাঝে একতা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত উন্নয়নেও কাজ করে যাচ্ছে।
নতুন উদ্বোধন করা পুলিশ প্লাজাও বাহিনীর সদস্যদের কল্যাণে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকও বক্তব্য দেন।