প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেছেন, ‘জনগণের আস্থাই বিচার বিভাগের মূল শক্তি। আদালতের বাইরে জনগণ আমাদের পর্যবেক্ষণ করেন। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিচারপতিরা সমালোচনার বাইরে থাকবেন না।’ গতকাল রোববার সকালে আপিল বিভাগের এক নম্বর কক্ষে আইনজীবীদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘একটি যন্ত্রের দুটি অংশ হচ্ছে বার ও বেঞ্চ। এর কোনো একটি যদি অকার্যকর হয়ে যায়, তবে পুরো যন্ত্রের কার্যকারিতাই কমে যাবে। আমাদের বিচার বিভাগের একটি বড় সমালোচনা হচ্ছে, প্রলম্বিত বিচার। মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয়, আমাদের সে জন্য পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়ছে। তবে মামলা দায়েরের হার বেড়েছে তার চেয়েও বেশি। তাফাজ্জাল ইসলাম বলেন, গণতন্ত্র, উন্নয়ন, মানাধিকার, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বিচার বিভাগের স্বাধীনতাকে অর্থবহ করতে তিনি বিচারক ও আইনজীবীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গরিব মানুষ যেন বিচার পায়, তিনি তা নিশ্চিত করার কথা বলেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারের ক্ষেত্রে আইনজীবীদের দায়িত্ব অনেকটা একপেশে। মক্কেলের জন্য আইনানুগ পন্থায় বক্তব্য রাখাই তাঁর প্রধান কাজ। কিন্তু একজন বিচারকের দায়িত্ব অনেক বেশি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি বিচারক জনপ্রিয় হওয়ায় চিন্তাচেতনার দ্বারা উদ্বুদ্ধ হন, তাহলে বিচারব্যবস্থায় ধস নামে। একই সঙ্গে একজন বিচারক যদি মানবিক মূল্যবোধ ও সামাজিক অবস্থার প্রতি উদাসীন হয়ে মামলার সিদ্ধান্ত গ্রহণে উদ্যোগী হন, তবে তাকে সঠিক বলা যাবে না। বেঞ্চ অফিসারদের দুর্নীতির প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের আমলাদের এরূপ দুর্নীতির আবর্তে জড়িয়ে পড়ার জন্য আদালতের কার্যক্রম পরিচালনায় বিচারপতিদের অদক্ষতা বা উদাসীনতা অনেকাংশে দায়ী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন প্রধান বিচারপতির কর্মময় জীবন তুলে ধরে বলেন, ‘শামসুন্নাহার হলের ঘটনায় আপনার তদন্ত রিপোর্ট প্রশংসার দাবিদার।’ এই চেতনার ধারাবাহিকতায় বিচার বিভাগের জন্য সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সকাল ১০টা ৫০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলে অনুষ্ঠান। এ সময় আদালতে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক-উল হক, আমীর-উল ইসলাম, ড. এম জহির, আবদুর রব চৌধুরী, সমিতির সম্পাদক শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউসুফ হোসেন হুমায়ূন, সাংসদ আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ এম আমিনউদ্দিন, মাহবুব আলী প্রমুখ।