আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে বর্তমান সরকার কিছুই করবে না।
যোগাযোগমন্ত্রী গতকাল শনিবার তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুরে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কাজেই নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।
সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
যোগাযোগমন্ত্রী বলেন, সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিপন্ন হবে। গণতন্ত্র বিপন্ন হলে সেটা সরকারি ও বিরোধী দল কারও জন্য সুখকর হবে না। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।