তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, সুন্দরবনের রামপাল, রূপপুরের পারমাণবিক ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রকে সরকার বলছে জনগণের জন্য উন্নয়নের প্রকল্প। তবে এসব প্রকল্পের চুক্তি, কার্যক্রম কেন অনিয়ম ও অস্বচ্ছতায় ভরা? কেন এসব প্রকল্পের বিষয় জনগণের কাছে গোপন রাখা হচ্ছে? এসব প্রকল্প নিয়ে জনগণের সম্মতি নিতে ভয় কোথায়?
দিনাজপুরের ফুলবাড়ী প্রতিরোধ আন্দোলনের ১০ বছরপূর্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে ফুলবাড়ীতে আয়োজিত সভায় আনু মুহাম্মদ এসব কথা বলেন। ফুলবাড়ীর হোসেন কমিউনিটি সেন্টারে ওই সভায় সভাপতিত্ব করেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা ফুলবাড়ী কমিটির সদস্যসচিব জয় প্রকাশ গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী কমিটির সদস্য সঞ্জিত প্রসাদ।
আনু মুহাম্মদ আরও বলেন, পরিবেশদূষণের অভিযোগে এখন ভারত ও চীন তাদের দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে। তাই ভারত ও চীন তাদের বন্ধ করে দেওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর যন্ত্রপাতি বিক্রির জন্য বাংলাদেশসহ আফ্রিকার দরিদ্র দেশগুলোকে বেছে নিয়েছে।
জেলা কমিটি আহ্বায়ক আলতাফ হোসেন বলেন, এশিয়া এনার্জির ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এশিয়া এনার্জি ফুলবাড়ী কয়লাখনিকে তাদের সম্পত্তি দাবি করে এখনো লন্ডন শেয়ারবাজারে অবৈধভাবে শেয়ার বিক্রি করছে।
বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিরামপুর কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, ফুলবাড়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিকদার, এম এ কাইয়ুম, মিনহাজুল হক প্রমুখ।