জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যদি মনে করে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। নেতারা গ্রেপ্তার হলে কর্মীরা নেতার ভূমিকা পালন করবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে। কোনো সন্ত্রাসী বা পুলিশ বাহিনী জনতার প্রতিরোধের মুখে টিকতে পারবে না। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নুর আহম্মদ চৌধুরী সড়কে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। সমাবেশে আমীর খসরু বলেন, সরকার পুলিশ দিয়ে প্রধান বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ রেখে নেতা-কর্মীদের সেখানে ঢুকতে না দিয়ে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের যেভাবে টেনেহিঁচড়ে ধরে নিয়ে যাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। শুধু তা-ই নয়, দলের জ্যেষ্ঠ নেতাদেরও রিমান্ডে নেওয়া হচ্ছে। সরকার আবার ক্ষমতায় যেতে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু যতই চেষ্টা করুক, জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সরকার ঠেকাতে পারবে না। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। কোনো বাহিনী সরকারের পতন ঠেকাতে পারবে না। নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম সমাবেশে সভাপতিত্ব করেন।