জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে উন্নত হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান l ফোকাস বাংলা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান l ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উন্নত হবে। অন্য কারও কাছ থেকে দয়া না চেয়ে বিজয়ী হিসেবে বিশ্বের জাতিগুলোর মধ্যে টিকে থাকবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতাযুদ্ধে জীবনদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া, দিবসটি উপলক্ষে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকসহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ আমাদের, মাটি আমাদের এবং জনগণ আমাদের। তাই, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বের বুকে টিকে থাকবে।’ শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।
প্রধানমন্ত্রী দেশ গঠনমূলক কর্মকাণ্ডে এবং শান্তিরক্ষা মিশনে দেশে ও বিদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের পেশাদারি মনোভাব সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তারা তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাংসদ, তিন বাহিনীর প্রধানেরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও কূটনীতিকেরা অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে পৃথকভাবে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতাযুদ্ধে জীবনদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল সালাম প্রদর্শন করে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন l ছবি: বাসস
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন l ছবি: বাসস

সশস্ত্র বাহিনী বিভাগে সংবর্ধনা অনুষ্ঠান: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) চত্বরে গতকাল সকালে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকসহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা হিসেবে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমি অন্ততপক্ষে মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগ ভুলতে পারি না। আমি তাঁদের জন্য যা কিছু করার করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতজন বীরশ্রেষ্ঠর উত্তরাধিকারীদের পাশাপাশি অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্তদের উপহার প্রদান করেন। তিনি সশস্ত্র বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বীরোচিত অবদান রাখার জন্য অন্যান্য র্যা ঙ্কের সদস্যসহ ১৯ জনের মাঝে ‘বাহিনী পদক’ (ফোর্সেস মেডেল) এবং অসামান্য সেবা পদক (আউটস্ট্যান্ডিং সার্ভিস মেডেল) প্রদান করেন।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতার পরিমাণ ৯০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০০ টাকা করা হয়েছে। ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করার একটি প্রস্তাব রয়েছে এবং আমরা এটি করব।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মইনুল ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীপ্রধানের সাক্ষাৎ: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু ইসরার গতকাল বেলা সাড়ে ১১টার সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করেন।