জনগণের ওপর বোঝা চাপানোর যুক্তি নেই
করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে। সাধারণ মানুষ বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এমন সময় জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে। একসময় সরকার নিয়মিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ভর্তুকি দিত। এখনকার পরিস্থিতিতে ভর্তুকি না দিয়ে জনগণের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়ার কোনো যুক্তি দেখি না।
বিপিসি বিগত সাত বছর জ্বালানি তেলে মুনাফা করেছে। সরকারকে কোনো ভর্তুকি দিতে হয়নি। উল্টো মুনাফায় ভাগ বসিয়েছে। মুনাফার টাকা বিপিসির কোষাগারে থাকলে এখন সরকারের ভর্তুকি সহায়তার প্রয়োজন হতো না। বিপিসি নিজেই নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিতে পারত। টানা মুনাফার পর এক বছর লোকসান করলে কী এমন আসে যায়! দাম না বাড়িয়ে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।
এটা ঠিক, জ্বালানি তেলের বৈশ্বিক বাজার পরিস্থিতি এবার একটু ভিন্ন। আগে দামের ওঠানামা দেখা যেত। এবার টানা বেড়েই চলছে। শিগগিরই দাম কমার কোনো পূর্বাভাস নেই। তাই দীর্ঘ মেয়াদে ভর্তুকি এড়াতে সরকার হয়তো দাম বাড়ানোর দিকে গেছে। এতে নিত্যপণ্যের অস্থির বাজারে দাম আরও বাড়বে। জীবনযাত্রার ব্যয় বাড়বে। ফলে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। এমন সময়ে দাম বাড়ানোর দিকে যাওয়া ঠিক হয়নি।
অভিজ্ঞতা বলছে, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনের ভাড়া আনুপাতিক হারে বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বেশি হারে ভাড়া বাড়ান পরিবহনমালিকেরা। আর নিত্যপণ্যের বাজার ও পরিবহন খাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই আগামী দিনগুলোতে তেলের দাম কমে গেলেও ভাড়া কমানোর নিশ্চয়তা নেই। জীবনযাত্রার ব্যয় বাড়ার পর মানুষের দুর্ভোগ বেড়ে গেলে সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেবে!
কর বাবদ বিপিসির কাছ থেকে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় করছে। তাই বিপিসি কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে সেখানে তো সরকারি বিনিয়োগ থাকার কথা। অথচ বিপিসির টাকা প্রয়োজনে সরকার বিভিন্ন খাতে খরচ করছে। নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করতে বলা হচ্ছে বিপিসিকে। দুই বছর ধরে বিপিসির উদ্ধৃত অর্থও নিয়ে নিচ্ছে সরকার। এতে বিপিসির কাছে বাড়তি কোনো টাকা থাকছে না।
সরকার যেহেতু বিপিসির কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, তাই দায়িত্ব এখন সরকারের। বিপিসির তহবিলে টাকা থাকলে দাম না বাড়াতে তাদের চাপে রাখা যেত। তারাও পরিস্থিতি সামাল দিতে পারত। বিপিসির কাছ থেকে পাওয়া রাজস্ব দুর্দিনের জন্য আলাদা তহবিলে রাখতে পারত সরকার। তা করা হয়নি। এখন জ্বালানি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অন্য খাত থেকে এনে হলেও সরকার ভর্তুকি দিতে পারে।